ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনা: রাস্তায় মুখ থুবড়ে পড়ল ছোট বিমান, নিহত ৬

ফিলাডেলফিয়ায় বিমান দুর্ঘটনা: রাস্তায় মুখ থুবড়ে পড়ল ছোট বিমান, নিহত ৬
আমেরিকার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) একটি ছোট বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটি বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তায় মুখ থুবড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। এতে ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিমানটি ফিলাডেলফিয়ার উত্তর-পূর্ব বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রোজভেল্ট মলের কাছে রাস্তায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পরই বিমানটিতে আগুন ধরে যায় এবং একটি শক্তিশালী বিস্ফোরণ হয়।এই ঘটনায় আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরে যায়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত নয়। উদ্ধারকাজ এখনও চলছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে।এই দুর্ঘটনার মাত্র দুদিন আগেই ওয়াশিংটনে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল। হোয়াইট হাউস থেকে পাঁচ কিলোমিটার দূরে দুটি বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিলেন। পরপর দুটি বিমান দুর্ঘটনায় আমেরিকার বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


