State News

হুমায়ুনের বিদ্রোহ থেমে, বহরমপুরে পাঠানের হয়ে প্রচারে নামবেন তিনি

WhatsApp Group Join Now

কলকাতা: বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে বিদ্রোহী সুরে গান গেয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তাঁর সুর বদলে গেল। বুধবার হুমায়ুন জানিয়ে দিলেন, তিনি পাঠানের হয়ে প্রচারে নামবেন। শুধু তা-ই নয়, তিনি ২০২১ সালে ভরতপুরে যত ভোটে জিতেছিলেন, তার চেয়ে বেশি ভোটে পাঠানকে লিড দেওয়াবেন বলেও অঙ্গীকার করেছেন বলে দাবি করলেন।

হুমায়ুন বলেন, ‘‘আমি আত্মসম্মান নিয়ে থাকি। ব্রিগেডের সভা থেকে বহরমপুরের প্রার্থীর নাম ওই ভাবে ঘোষণা হওয়ায় আমার খারাপ লেগেছিল। নেতৃত্ব যদি আমাদের এক বার ডেকে বলে দিতেন, তা হলে এমন হয়তো বলতাম না।’’ ভরতপুরের তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘‘দল কাকে কোথায় প্রার্থী করবে সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। সেখানে আমার কথা বলার এক্তিয়ার নেই। কিন্তু ব্রিগেডের আগে যদি আমাদের ডেকে নেতৃত্ব বলে দিতেন যে অমুককে প্রার্থী করছি, তা হলে খারাপ লাগাটা তৈরি হত না।’’

মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর হুমায়ুন বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় বুঝিয়েছেন, দলের প্রার্থীর হয়ে নামতে হবে। খুবই সম্মান দিয়ে নামতে হবে। তার পরেই আমি ঠিক করেছি, পাঠানকে জেতাতে ময়দানে নামব।’’ বুধবার কলকাতায় পা রাখার পর বৃহস্পতিবার সকালে সড়কপথে পাঠানের বহরমপুরে যাওয়ার কথা। হুমায়ুন বলেন, ‘‘আমি কলকাতায় আছি। আমিও কাল গাড়িতেই বহরমপুরে যাব। তার পর নেমে পড়ব।’’ অভিষেকের সঙ্গে বৈঠকের পর ‘প্রত্যয়ী’ হুমায়ুন এ-ও বলেন, ‘‘ভরতপুরে আমি জিতেছিলাম ৪৩ হাজার ৩৮৩ ভোটে। পাঠানকে তার থেকে বেশি লিড দেব।’’

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button