Weather Update :: আজকের আবহাওয়ার খবর: শীতের বিদায়, বৃষ্টির আগমন!

শীতের বিদায়ে বৃষ্টির আগমন: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে শীতের আমেজ যখন চরমে, তখনই আবহাওয়ায় বড়ো পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরে আবার পারদ চড়বে। সোমবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায়ও বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে আজ থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ-পূর্বের হওয়ার দাপট থাকবে। এই দুই বাতাসের সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এবং তাপমাত্রা বাড়বে রবি ও সোমবার।
আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে রাজ্যবাসীর মধ্যে উৎসুকতা বাড়িয়েছে। তবে, আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।


